২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:০৩| বসন্তকাল|

গাজীপুরে দ্বিতীয় দিনের মতো চলছে শ্রমিক বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

জেলা প্রতিনিধি, গাজীপুর

রাত্রিকালীন ভাতা ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় অবস্থিত রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রাখেন।

এ বিষয়ে শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত তিন মাসের বকেয়া রাত্রিকালীন ভাতা এবং বাৎসরিক ছুটির টাকার দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে প্রথম দিনের কর্মবিরতি শুরু হয়। একইদিন বিকেলে শ্রমিকরা কারখানা ত্যাগ করলেও বৃহস্পতিবার সকালে পুনরায় কারখানায় প্রবেশ করে ৮টা থেকে আবারও আন্দোলন শুরু করেন।

আন্দোলনের এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কারখানার স্টাফদের বিভিন্ন ইস্যুতে বাকবিতণ্ডা হয়। পরে শ্রমিকরা একত্র হয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, “ রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত কাজ করি, তবে নাইট বিল ঠিকমতো দেওয়া হয় না। রোজার মাসেও দীর্ঘ সময় ডিউটি করতে হয়।আমাদের শ্রমিকদের ঘামের মজুরি দিতে প্রতিষ্ঠানের কেন এত অনীহা?”

এদিকে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন গণমাধ্যমকে জানান, শ্রমিকদের তিন মাসের বকেয়ার মধ্যে এক মাসের নাইট বিল পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শ্রমিকরা তা মানতে রাজি হননি। তিনি আরও অভিযোগ করেন, উত্তেজিত শ্রমিকরা স্টাফদের ওপর হামলা চালালে নিরাপত্তার কারণে স্টাফরা কারখানা ত্যাগ করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা বর্তমানে কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন এবং মালিকপক্ষের মধ্যে আলোচনা চলমান।

কারখানায় শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সমাধান না হলে শ্রমিক আন্দোলন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ